সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রেমনগর সংলগ্ন মালিকোনা গ্রামের একটি পুকুর থেকে আলা মিয়া (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,আলা মিয়াকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হতে পারে। তবে সঠিক মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আলা মিয়া প্রেমনগর গ্রামের আনসার মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে প্রেমনগর আশ্রয়ন প্রকল্পে বসবাস করতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে খাবার শেষে রাত সাড়ে ১০টার দিকে তিনি ঘর থেকে বের হন। পরে আর ফিরে আসেননি। রাতভর খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে গ্রামের পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত চলছে।”
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
אפליקציית "Eye News BD"
הערות 0