বান্দরবান প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৫
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন পরিষদ মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইউনিয়ন পরিষদের আয়োজনে তালুকদার পাড়ায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। সভাপতিত্ব করেন তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ নু মং মারমা।
চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় এক হাজার দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করেন। যাদের চোখে ছানি ধরা পড়ে, তাদের জন্য পরবর্তীতে চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে।
চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন ডা. মো. জসিম উদ্দিন। তাঁর নেতৃত্বে ৮ সদস্যের একটি মেডিকেল টিম সারাদিন ক্যাম্পে সেবা প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারছা মৌজার হেডম্যান উনিহ্লা, নোয়াপতং ইউপির সাবেক চেয়ারম্যান সম্ভু তঞ্চঙ্গ্যা, আদিবাসী ফোরামের নেতা উছো মং মারমা প্রমুখ।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর সার্বিক ব্যবস্থাপনায় ধাপে ধাপে বান্দরবানের সাতটি উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।