রাজবাড়ীতে নানা আয়োজনে শুভ মহালয়া পালিত | আই নিউজ বিডি

রাজবাড়ীতে নানা আয়োজনে শুভ মহালয়া পালিত

Md Shanto Khan avatar   
Md Shanto Khan
রাজবাড়ীতে নানা আয়োজনে শুভ মহালয়া পালিত
রাজবাড়ীতে নানা আয়োজনে শুভ মহালয়া পালিত
ছবি: সংগৃহীত
মোহাম্মদ শান্ত খান বিশেষ  প্রতিনিধি:

 

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজবাড়ীতে নানা আয়োজনে শুভ মহালয়া পালিত হয়েছে। রবিবার সকালে জেলার পাংশা উপজেলার মাগুরাডাঙ্গি সার্বজনীন শ্রীশ্রী দুর্গা পূজা মন্দিরে বিশেষ পূজা অর্চনার মধ্য দিয়ে মহালয়ার সূচনা হয়।

মহালয়া উপলক্ষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মন্দির প্রাঙ্গণে শুরু হয় চণ্ডিপাঠ ও ভক্তিমূলক সংগীত পরিবেশন। ধর্মপ্রাণ সনাতনী মানুষ পবিত্র মহালয়া উপলক্ষে ভক্তিভরে দেবী দুর্গার আরাধনায় অংশ নেন। এ সময় মন্দিরের চারপাশে সৃষ্টি হয় এক পবিত্র ও ধর্মীয় আবহ।

মন্দির কমিটির সভাপতি সাধন কুমার দে বলেন, “আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এরই অংশ হিসেবে আজ শুভ মহালয়া উপলক্ষে বিশেষ চণ্ডিপাঠের আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, প্রতিবছরের মতো এবারও পূজামণ্ডপে ধর্মীয় অনুষ্ঠান, আরাধনা, ভক্তদের জন্য প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শুভ মহালয়া উপলক্ষে সকালে ওই এলাকার বহু হিন্দু ধর্মাবলম্বী পূজা মন্দিরে উপস্থিত হয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন। মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয়। ভক্তদের বিশ্বাস, এই দিন থেকেই দেবী দুর্গার আগমনী বার্তা বেজে ওঠে।

এ সময় মন্দিরের ভক্ত ও এলাকাবাসীরা জানান, মহালয়া পালনের মধ্য দিয়েই মূলত দুর্গোৎসবের আনন্দঘন সময় শুরু হয়। পূজা উদযাপনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator