পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, জনমনে আতঙ্ক | আই নিউজ বিডি

পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, জনমনে আতঙ্ক

মোঃ আতিকুর রহমান ইশতি avatar   
মোঃ আতিকুর রহমান ইশতি
পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, জনমনে আতঙ্ক
পিস্তল হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল, জনমনে আতঙ্ক
ছবি: সংগৃহীত
রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত আপনের হাতে পিস্তল নাড়াচাড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, অস্ত্র উদ্ধারের পাশাপাশ..

 

 

রাজশাহী প্রতিনিধি :::

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত আপনের হাতে পিস্তল নাড়াচাড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, অস্ত্র উদ্ধারের পাশাপাশি এ দুর্ধর্ষ ক্যাডারকে দ্রুত গ্রেফতার করা না হলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন।

 

জানা গেছে, ভাইরাল হওয়া ছবিটি রাজশাহীর মহানগর ছাত্রলীগের সাবেক মানব সম্পদ উন্নয়ন বিষয়ক উপসম্পাদক ইয়াসির আরাফাত আপনের। তিনি ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষের ঘনিষ্ঠ সহযোগী এবং পরবর্তীতে সভাপতি নূর মো. সিয়াম ও সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজেরও ঘনিষ্ঠ ছিলেন। আপনের বিরুদ্ধে ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। দামি গাড়ি ও মোটরসাইকেল ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।

 

ভাইরাল ভিডিও ও ছবিতে দেখা যায়, কালো পাঞ্জাবি ও মাস্ক পরে রাতের অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে হাতে পিস্তল নাড়াচ্ছেন আপনি। ধারণা করা হচ্ছে, ছবিটি গত বছরের জুলাই অভ্যুত্থানের সময়কার, যখন আলুপট্রি মোড়ে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সশস্ত্র হামলা চালানো হয়েছিল। ওই হামলায় দুজন নিহত ও শতাধিক আহত হন। স্থানীয়রা অভিযোগ করেন, সেই সময় ব্যবহৃত অস্ত্রের একটি ছিল আপনের হাতে থাকা পিস্তল।

 

এলাকাবাসীর দাবি, আপনের নিজস্ব ক্যাডার বাহিনী রয়েছে, যাদের কাছেও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরও তারা শহরে অবাধে বিচরণ করছে এবং সন্ধ্যার পর মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

তথ্য অনুসন্ধানে জানা গেছে, ২০২২ সালের জুলাইয়ে ঠিকাদার কর্মচারী ইউনিয়নের নির্বাচনে প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদক পদটি দখল করেন আপনি। এ ক্ষেত্রে তার বাবা শাহ আলম সরাসরি সহযোগিতা করেন। শাহ আলম আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ ছিলেন এবং নির্বাচনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলেও আপন প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। কোনো কারণে তার বিরুদ্ধে মামলা হয়নি। তবে অস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়ার পর থেকে সে আত্মগোপনে আছে। আমরা চাই দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।”

 

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজিউর রহমান বলেন,

“বিষয়টি আমাদের জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি। এমন ঘটনা ঘটলে অবশ্যই অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।”

 

👉 রাজশাহীর জনগণের প্রত্যাশা, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে এই দুর্ধর্ষ ক্যাডারের হাত থেকে তাদের মুক্তি দেবে।

 

 

لم يتم العثور على تعليقات


News Card Generator