সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাখাওয়াত হোসেন।
স্থানীয়রা জানান,আনুমানিক ১৮ থেকে ২০ বছর বয়সী ওই যুবক ট্রেনের নিচে পড়ে মাথাসহ শরীর দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে কোন ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে,তা নিশ্চিত হতে পারেনি পুলিশ ও রেল কর্তৃপক্ষ।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন,“সকালে খবর পাই লাউয়াছড়া এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে আছে। আমি তাৎক্ষণিক শ্রীমঙ্গল জিআরপি পুলিশকে জানাই। তবে ঠিক কোন ট্রেনে কাটা পড়েছে তা বলা যাচ্ছে না।”
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মেইল ট্রেন সিলেটের উদ্দেশে শ্রীমঙ্গল অতিক্রম করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ননি গোপাল জানান,নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার পরণে ছিল পাঞ্জাবি ও প্যান্ট।
মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “এটি দুর্ঘটনা,আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”