বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় ৩০ কেজি চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, সরকারি ভিজিডি তালিকায় গরিব-অসহায় পরিবারের পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রবাসীর স্ত্রীর নাম। এতে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হচ্ছেন।
এ অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদা। অভিযোগ অনুযায়ী, ভিজিডির তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে তিনি টাকার দাবি করেন। টাকা দিলে নাম তালিকায় ওঠে, আর টাকা না দিলে নাম কেটে দেওয়া হয়।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের অভিযোগ, দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে মাহমুদা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত খাদ্যশস্য তছরুপ করছেন। ফলে প্রকৃত অসহায়রা সরকারের এ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু ছাহলে বলেন, “চাল বিতরণে অনিয়ম-দুর্নীতি হয়েছে। আমি বিষয়টি ইউএনও ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।”
এ বিষয়ে ইউপি সদস্য মাহমুদার কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বিষয়টি আমি শুনেছি। অভিযোগের সত্যতা পেলে তদন্ত করে ভিজিডির তালিকা থেকে নাম বাতিল করা হবে।”
সরকারি ভিজিডি কর্মসূচির মূল উদ্দেশ্য হলো অসহায় নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু প্রভাবশালী মহল তা ভিন্ন খাতে ব্যবহার করায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।