মাহফুজুল হক পিয়াস, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) ১৪ সিটের ইলেকট্রিক কার উদ্বোধন হতে পারে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্যাম্পাসে ইলেকট্রিক গাড়ি ব্যবহার হচ্ছে, সেভাবেই ইবিতেও প্রাথমিকভাবে চারটি গাড়ি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জানা যায়, গাড়িগুলো মূলত ফ্যাকাল্টি থেকে হল এবং মেইন গেট থেকে শুরু করে পুরো ক্যাম্পাসে যাতায়াতের জন্য ব্যবহৃত হবে। প্রাথমিকভাবে যেকোনো দূরত্বের জন্য ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গাড়িগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য কিস্তিতে কেনা হচ্ছে, যেখানে দুই বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ মালিকানা পাবে। এই পদ্ধতিকে “আয় থেকে দায় শোধ” মডেল হিসেবে দেখা হচ্ছে, যা ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই কার্যকর।
ড. রউফ বলেন, "এসব গাড়ি চালু করার নীতিগত সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিলো। আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নবীন বরণ অনুষ্ঠান। সেখানে ভিসি স্যারসহ অন্যান্ন মান্যগন্য অতিথি উপস্থিত থাকবেন। সেজন্য আগামী শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করতে আমরা চেষ্টা চালাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সেদিন উদ্বোধন করবো। তবে পুরোপুরি গাড়ি চালু বা নিয়মিত সেবা শুরু হতে আরও কয়েকদিন সময় লাগবে। কারণ ক্যাম্পাসে চার্জিং পয়েন্ট স্থাপন, জনবল নিয়োগ ও প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি এখনও বাকি আছে।"