চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় এক দিন বাড়িয়েছে নির্বাচন কমিশন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নেয়। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
বর্ধিত সময় অনুযায়ী আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে। এর আগে মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর দাবি জানায় শাখা ছাত্রদল। সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিত আবেদন করেন।
আবেদনপত্রে ছাত্রদল উল্লেখ করে, গত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলার শিকার হয়ে আহত অনেক শিক্ষার্থী এখনও গ্রামে অবস্থান করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলমান থাকায় অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি। ফলে নির্ধারিত তফসিলে অংশগ্রহণে তারা বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে দুই দিন সময় বাড়ানোর প্রস্তাব দেয়া হলেও নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে এক দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে আমরা এক দিন সময় বাড়িয়েছি। তবে শেষ মুহূর্তে এসব দাবি আমাদের জন্য জটিলতা তৈরি করে। অনেক ভেবে তফসিল তৈরি করা হয়। চাইলেই আমরা হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে পারি না। নির্দিষ্ট প্রক্রিয়ার ভেতর দিয়েই আমাদের কাজ করতে হয়। শিক্ষার্থীদের এ বিষয়টি বুঝতে হবে।”
প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে প্রার্থীদের অতিরিক্ত চাপ থাকায় নির্বাচন কমিশন ওই দিন রাত পর্যন্ত ফরম বিতরণের সুযোগ দেয়। নতুন সময়সূচি অনুযায়ী প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত। আর ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ইতিমধ্যেই উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন ছাত্রসংগঠন মনোনয়নপত্র সংগ্রহ শুরু করলেও ছাত্রদলের পক্ষ থেকে সময় বাড়ানোর আবেদন বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনকে ঘিরে নানা জল্পনা তৈরি হলেও নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে।