জুলাই-২৪ আন্দোলনে শহিদ আবু সাইদের নামে নরসিংদী রায়পুরায় স্কুলের নামকরণ করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা আনুষ্ঠানিকভাবে ‘শহীদ আবু সাঈদ স্কুল’ এর নাম ফলক উন্মোচন করেন। স্কুলের নতুন নাম ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে এলাকাবাসী ও স্থানীয়রা।
উপজেলার মেথি কান্দা উত্তরপাড়ায় প্রত্যন্ত অঞ্চলের ওই স্কুলটি এর আগে আওয়ামী লীগের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মা আশরাফুন্নেছার নামে নামকরণ করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শহিদের জীবন ও সংগ্রামের গল্প তুলে ধরা হয়। এ সময় স্থানীয়রা জানান, বিদ্যালয়ের এ নামকরণ শুধু শিক্ষার্থীদের নয়, পুরো রায়পুরাবাসীর জন্য এক গর্বের অর্জন।
স্কুল সূত্রে জানা গেছে, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদের নাম অমর করে রাখতে এ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নামকরণ করা হয়। শহিদ আবু সাঈদ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী কণ্ঠস্বর ছিলেন। তার আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এই বিদ্যালয়ের নামকরণ স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর জন্য গৌরবের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর মা আশরাফুন্নেছার নামে ২০১৪ সালে উপজেলার মেথিকান্দা উত্তরপাড়ায় ‘আশরাফুন্নেছা পাবলিক স্কুল’নামে প্রতিষ্ঠানটি পরিচালনা হয়ে আসছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শহিদ আবু সাঈদের নাম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্ম তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, শহিদ আবু সাঈদ স্কুলে সংস্কার কাজের জন্য সরকারিভাবে দুই লক্ষ টাকা বরাদ্দ দেয়া হবে। এছাড়া শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রীও প্রদান করা হবে।
অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি দীপক দত্ত সাহার সভাপতিত্বে নাম ফলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মাসুদ রানা। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান শাহীনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, উপজেলা কেন্দ্রীয় মিলন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সবুজ নন্দী, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কাজী আসাদুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
_1757367687.jpg)