ভুয়া পরিচয়পত্রে ঢাবি-তে ঢোকার চেষ্টা, আটক ১ | আই নিউজ বিডি

ভুয়া পরিচয়পত্রে ঢাবি-তে ঢোকার চেষ্টা, আটক ১

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন avatar   
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
ভুয়া পরিচয়পত্রে ঢাবি-তে ঢোকার চেষ্টা, আটক ১
ভুয়া পরিচয়পত্রে ঢাবি-তে ঢোকার চেষ্টা, আটক ১
ছবি: সংগৃহীত
“অফিসার টাওয়ার চেক পোস্টে একজন ভুয়া পরিচয়পত্রধারী ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে,” বলছে প্রক্টর কার্যালয়।..

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে সোমবার সন্ধ্যা থেকেই ক্যাম্পাসের প্রবেশ পথগুলো নিয়ন্ত্রণ করছেন পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা।

এর মধ্যেই সোমবার রাতে ভুয়া পরিচয়পত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে প্রক্টরিয়াল বডি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ের এক বার্তায় জানানো হয়, সোমবার রাতে অফিসার টাওয়ার চেকপোস্টে একজন ভুয়া আইডিধারী ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টার সময় আমরা একজনকে আটক করেছি‌। তার বিষয়ে যাচাই-বাছাই চলছে।"

ভুয়া পরিচয়পত্রের মাধ্যমে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশের চেষ্টা করা হচ্ছে বলে সোমবার সংবাদ সম্মেলনে এসে অভিযোগ তোলেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এ প্রার্থী বলেন, “আমরা বিভিন্ন পক্ষ থেকে শুনতে পাচ্ছি, ভোট কেন্দ্রের মধ্যে ভুয়া আইডি কার্ডের মাধ্যমে নানানভাবে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা করা হচ্ছে।

“পাশাপাশি আমাদের এখানে লাইন জ্যামিং করে ভোট আটকানো বা বোর্ডকে দীর্ঘায়িত করার একটা প্রচেষ্টাও থাকতে পারে, এমনটা আমাদের কান পর্যন্ত এসেছে।”

বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামীকাল (মঙ্গলবার) আমাদের ভোটাররা যখন কেন্দ্রের মধ্যে থাকবেন, সেই কেন্দ্রে ভোটারদের আইডি কার্ড দেখে ‘সন্দেহভাজন ব্যক্তি’ পাওয়া গেলে তাদের আইডি কার্ড পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ আইডি কার্ড চেকার রাখতে হবে। তাহলে বহিরাগতদের প্রবেশ আমরা আটকাতে পারব।”

বিশ্ববিদ্যালয় সংলগ্ন নীলক্ষেত এলাকায় ভুয়া আইডি কার্ড তৈরি হচ্ছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান করে দেখার দাবিও জানান তিনি।

মঙ্গলবারের ডাকসু নির্বাচনকে সুষ্ঠু করতে ক্যাম্পাসকে নিরাপত্তার ঘেরাটোপে রাখার কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় টিএসসিতে এক সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, “আজ ১ হাজার ৭৭১ জন পুলিশ ঢাবিতে নিরাপত্তার দায়িত্বে আছেন। আগামীকাল ২ হাজার ৯৬ জন পোশাকধারী পুলিশ শুধু ডিএমপি থেকে দায়িত্বে থাকবে। কোনো অঘটন হবে না ইনশাল্লাহ, সবাইকে আমরা আশ্বস্ত করছি।”

没有找到评论


News Card Generator