বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় বাণিজ্য তরান্বিত করার জন্য ২০১৭ সালে একনেকের একটি সভায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার দীর্ঘ চারলেন মহাসড়ক উন্নয়ন প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। যার কাজের অগ্রগতি হতাশাজনক। জমি অধিগ্রহণ সহ নানান জটিলতায় ২০২০ সালে শুরু হওয়া ৫ হাজার ৭৯১ কোটি টাকার এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুনে। এর মধ্যেই কয়েকবার পিছিয়েছে প্রকল্প মেয়াদ। বিশেষ করে মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার থেকে তন্তর বাজার পর্যন্ত সড়কের অবস্থা যেন একবারেই নাজেহাল। বড় বড় খানাখন্দ ও ভাঙ্গা সড়কে অতিষ্ঠ এ সড়কে চলাচলকারীরা। বৃষ্টি আসলে কাদামাটি ও রোদ থাকলে ধুলোর ঝড় বয়ে যায় এ সড়কে, এতে ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ।
গতবছর আগস্ট মাসে বিগত সরকার দেশ ত্যাগের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন ইনফাস্ট্রাকচারের প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারি, পরে নভেম্বরে দুদেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর তারা আবার কাজে ফিরলেও মালামাল চুরি সহ নানান কারণ দেখিয়ে কচ্ছপ গতিতে চালাচ্ছে মহাসড়কের নির্মাণ কাজ। যার এখন পর্যন্ত অগ্রগতি মাত্র ৫৭ শতাংশ, আর কাজ শেষ করতে ২০২৭ সাল পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রকল্পটি তিনটি প্যাকেজে বিভক্ত। যারমধ্যে তৃতীয় প্যাকেজ তন্তর থেকে আখাউড়া স্থলবন্দর অংশের কাজ একেবারেই হয়নি;যার ফলে তন্তর বাজার এলাকায় দিনের পর দিন কষ্ট করে আসছে এ মহাসড়কে চলাচলকারী লাখ লাখ মানুষ। এ অবস্থায় মহাসড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে ভয়াবহ জনদুর্ভোগ। গর্ত,কাদা ও পানি জমে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যানজট, দুর্ঘটনা ও অতিরিক্ত সময় নষ্ট হওয়ায় ক্ষুব্ধ সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা । এতে ধংষের পর্যায়ে মহাসড়কের তন্তর বাজারে অবস্থিত জেলার অন্যতম মৎস্য বাজারও।
তন্তর বাজার পরিচালনা কমিটিরি সভাপতি লোকমান খন্দকার বলেন, এই মহাসড়কের বেহাল দশার জন্য আমাদের ব্যবসা বাণিজ্য ডুবে যাওয়ার পথে। তন্তর বাজার অংশে প্রতিনিয়ত দুই থেকে তিন ঘন্টার লম্বা জ্যাম লেগেই থাকে। পাশাপাশি সড়কটির নির্মাণ কাজ ঝুলে থাকায় ধুলোর জন্য চলাচল করা কষ্ট হয়ে যায় আমাদের। দ্রুত সড়কটি সংস্কার করা হোক।
রুটি গ্রামের বাসিন্দা মাসুম বলেন, এ সড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সহ ঢাকা ও সিলেটে যাতায়াত করি,কিন্তু দীর্ঘ ৮ বছর হয়ে গেলো প্রকল্প অনুমোদনের, এখনো পর্যন্ত কাজই শুরু হয়নি আমাদের ধরখার থেকে তন্তর অংশের। এতে আমরা অনেক দূর্ভোগে আছি।
হাসান নামক এক বাস চালক বলেন, মহাসড়কের অধিকাংশ যাইগাতেই বড় বড় গর্ত হয়ে আছে,পাশাপাশি অতিরিক্ত ধুলোর জন্য এ সড়ক দিয়ে গাড়ি চালানো আমাদের জন্য অনেক কষ্টের। সরকারের কাছে অনুরোধ করব খুব দ্রুত যেন এই সড়কটি সংস্কার করে দেয়।
কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আশুগন্জ-আখাউড় চারলেন মহাসড়ক প্রকল্পের ব্যবস্থাপক মো. শামিম আহমেদ বলেন,দুই থেকে তিনমাসের মধ্যেই ধরখার থেকে তন্তর পর্যন্ত অংশের গর্তগুলো ভরাট করে সড়কটি সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়া হবে। বেশকিছু প্রতিবন্ধকতা রয়েছে, আশাকরি খুব দ্রুতই এ সড়কটির নির্মাণ কাজ শেষ হবে৷
সড়কটি দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দেওয়ার দাবী স্থানীয় বাসিন্দা সহ এ মহাসড়কে চলাচলকারী যাত্রীদের।
'আই নিউজ বিডি' অ্যাপ
تعليقات 0