মোঃ শমসের নূর (খোকন)
বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ে দেশ একটি জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত ছিল। রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞতা, প্রশাসনিক অস্থিরতা, সীমাহীন দারিদ্র্য এবং প্রতিবেশী ভারতের সর্বগ্রাসী প্রভাব দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। এমন অস্থির সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে আবির্ভূত হন মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
(জিয়াউর রহমানের আগমন : ইতিহাসের অনিবার্যতা)
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া এক তরুণ বাঙালি অফিসার জিয়াউর রহমান তার বীরত্বে জাতির সামনে নিজেকে পরিচিত করে তুলেছিলেন। সেই অভিজ্ঞতা ও অদম্য সাহসই তাকে ভবিষ্যতে স্বাধীনতার ঘোষক হিসেবে আবির্ভূত হতে সাহায্য করে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে চট্টগ্রামের কালুরঘাটে তিনি স্বাধীনতার ঘোষণা দেন, যা হতাশ-দ্বিধাগ্রস্ত জাতিকে নতুন প্রেরণা ও দিকনির্দেশনা দিয়েছিল।
(১৯৭৫-এর পর রাজনৈতিক পুনর্জাগরণ)
১৫ আগস্ট ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর দেশে যে রাজনৈতিক শূন্যতা ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল, তা পূরণের দায়িত্ব এসে পড়ে জিয়াউর রহমানের কাঁধে। ১৯৭৫ সালের নভেম্বরে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে তার রাজনৈতিক যাত্রার সূচনা হয়। এ সময় সেনাবাহিনীর ভেতরে অস্থিরতা, চক্রান্ত ও বিভাজন চলছিল। দৃঢ় নেতৃত্ব ও কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে জিয়া সেনাবাহিনীতে স্থিতিশীলতা ফিরিয়ে আনেন।
(বহুদলীয় গণতন্ত্র ও জাতীয়তাবাদী দর্শন)
শেখ মুজিবের চতুর্থ সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠিত একদলীয় বাকশালের শূন্যতা পূরণ করেছিলেন জিয়াউর রহমান। জিয়া সামরিক শাসন তুলে দিয়ে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—“বাংলাদেশী জাতীয়তাবাদ” নামের এক নতুন রাজনৈতিক দর্শন উপহার দেন জাতিকে। এর মূল ভিত্তি ছিল স্বাধীনতার চেতনা, ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয়, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।
(বিএনপি’র প্রতিষ্ঠা)
সময় ও ইতিহাসের দাবি মেনে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের উন্মুক্ত আকাশের নিচে জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জন্ম ঘোষণা করেন। বিএনপির ঘোষণাপত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়—
বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা,
গণতান্ত্রিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন,
আত্মনির্ভরশীল অর্থনীতি ও টেকসই উন্নয়ন,
সাম্রাজ্যবাদ, নয়া-উপনিবেশবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান।
(প্রথম গণতান্ত্রিক নির্বাচন)
১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় স্বাধীনতার পরবর্তী সবচেয়ে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন। বিএনপি ২০৭ আসনে জয়লাভ করে সরকার গঠন করে, আর আওয়ামী লীগ (মালেক) পায় ৩৯ আসন। প্রেসিডেন্ট জিয়া ঘোষণা দেন—জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রথম কাজ। আন্তর্জাতিক গণমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ ও মালয়েশিয়ার ‘বিজনেস টাইমস’ জিয়ার উন্নয়নমূলক পদক্ষেপকে প্রশংসায় ভাসায়।
(উন্নয়ন ও কূটনৈতিক সাফল্য)
প্রেসিডেন্ট জিয়ার আমলে কৃষি, শিল্প, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়। গ্রামীণ অর্থনীতিতে স্বনির্ভরতা আনার উদ্যোগ, বিদেশে শ্রমবাজার উন্মুক্ত করা, জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার পদক্ষেপ তাকে “অভিনব উন্নয়ন কৌশলের প্রবর্তক” হিসেবে প্রতিষ্ঠা করে।
আন্তর্জাতিক কূটনীতিতেও জিয়া সফল ছিলেন। তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার অন্যতম উদ্যোক্তা। মুসলিম বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি এবং পরাশক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি ছিলেন অগ্রণী ভূমিকা পালনকারী।
(শাহাদাৎ ও জাতির শোক)
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু বিপথগামী সেনা সদস্য শহীদ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। তার মৃত্যুতে সমগ্র জাতি স্তম্ভিত হয়ে যায়। ঢাকায় জানাজায় কোটি মানুষের ঢল নেমেছিল—যা বিশ্বের ইতিহাসে বিরল। দেশব্যাপী ৪০ দিনের শোক, আন্তর্জাতিকভাবে মুসলিম রাষ্ট্রগুলোতে তিন থেকে পাঁচ দিনের শোক ঘোষণা, বিশ্বনেতাদের শোকবার্তা—সবই প্রমাণ করে তিনি ছিলেন একজন বিশ্বমানের নেতা।
(বিএনপি’র পরবর্তী সংগ্রাম)
জিয়ার শাহাদাতের পর বিচারপতি আব্দুস সাত্তার দায়িত্ব নিলেও ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদের সামরিক অভ্যুত্থান গণতান্ত্রিক ধারা ভেঙে দেয়। এরশাদের স্বৈরশাসন দেশের মানুষের উপর ভয়ঙ্কর দমননীতি চালায়, যা পরবর্তীতে ৯০-এর গণআন্দোলনে পতিত হয়। বিএনপি এরপর বারবার গণতন্ত্র ফিরিয়ে আনে, কিন্তু পরবর্তী সময়ে প্রতিটি ক্ষমতাসীন সরকারই গণতন্ত্রকে হত্যা করেছে। বর্তমানেও বাংলাদেশে জনগণের একমাত্র ভরসা বিএনপি, যার মূলে রয়েছে জনগণের শক্তি ও স্বাধীনতার চেতনা।
(উপসংহার)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক পুনর্জাগরণের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, ব্যক্তিগত সততা, সাহসিকতা ও উন্নয়নমূলক পদক্ষেপ চিরকাল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি সেই মহান নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে।
লেখক:
মোঃ শমসের নূর (খোকন)
সিনিয়র সাংবাদিক।
তাজুর পাড়া বড়বাড়ী, সারিয়াকান্দি, বগুড়া।
সিনিয়র সাংবাদিক।
তাজুর পাড়া বড়বাড়ী, সারিয়াকান্দি, বগুড়া।
אפליקציית "Eye News BD"
הערות 0