নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হলো ‘ওপেন হাউজ ডে’, যেখানে পুলিশের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিলেন এলাকার সাধারণ জনগণ ও সম্মানিত নাগরিকরা।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় রূপগঞ্জ থানা কম্পাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করে থানা কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, যিনি পিপিএম পদকে ভূষিত।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
অনুষ্ঠানে থানা পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের প্রত্যাশা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। উপস্থিত ছিলেন শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান বলেন,
“বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুলিশের প্রতি সাধারণ মানুষের হারিয়ে যাওয়া আস্থা ফিরিয়ে আনা। আমরা চাই জনগণ আমাদের বন্ধু ভাবুক। পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান—এই ভাবনাটা প্রতিষ্ঠিত করতেই এই ওপেন হাউজ ডে।”
তিনি আরও বলেন, “নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। আমরা চাই জনগণ আমাদের পাশে থাকুক, পরামর্শ দিক, সহযোগিতা করুক।”
ওসি তরিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, “রূপগঞ্জ থানা সবসময় চেষ্টা করছে জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে। থানায় আগত প্রতিটি ব্যক্তিকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। ওপেন হাউজ ডে আয়োজনের মূল উদ্দেশ্যই হলো, জনগণের কথা সরাসরি শোনা এবং সমস্যা দ্রুত সমাধানে পদক্ষেপ গ্রহণ।”
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পুলিশের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, পুলিশের প্রতি আস্থা তৈরি করতে হলে পারস্পরিক বিশ্বাস ও যোগাযোগ জরুরি।
অনুষ্ঠান শেষে পুলিশের পক্ষ থেকে জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং অভিযোগ গ্রহণের জন্য একটি আলাদা ডেস্ক স্থাপন করা হয়, যাতে উপস্থিত জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত ও সমস্যাগুলো তুলে ধরতে পারেন।
রূপগঞ্জ থানার এই আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে। এমন উদ্যোগ নিয়মিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে মত দিয়েছেন উপস্থিত নাগরিকরা।
App «Eye News BD»
Commenti 0