সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসক'কে লাখ টাকা জরিমানা

দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন দুই পল্লী চিকিৎসক।
Podijeli na Eidoku
সাতকানিয়ায় দুই পল্লী চিকিৎসক'কে লাখ টাকা জরিমানা
Foto: arhiva

মো: মনজুর আলম (মঞ্জু)
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিলেন দুই পল্লী চিকিৎসক।


সরকারি কোন অনুমোদন ও মেডিকেল ডিগ্রি না থাকলেও পরিচয় দিতেন বিশেষজ্ঞ চিকিৎসক ও বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার হিসেবে। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে আসে এসব অপ-চিকিৎসার ভয়ংকর তথ্য। তাদের চেম্বার গুলো দেখলে মনে হবে যেন রীতিমতো ৮/১০ শয্য বিশিষ্ট মিনি হাসপাতাল।

৬ আগস্ট (বুধবার) উপজেলার ঠাকুরদিঘীর পাড় বাজারের পশ্চিম পাশে মসজিদ মার্কেটের মো. এহসান হাবীব ও ছমদিয়া পুকুর পাড় বাজারের এলাকার সুকুমার দে নামে দুই পল্লী চিকিৎসক'কে বিধি-বহির্ভূতভাবে বিভিন্ন অপারেশন পরিচালনা, এন্টিবায়োটিকসহ জীবন রক্ষাকারী নানান ঔষধের ব্যবহার, কোনো বিশেষজ্ঞ ডিগ্রি না থাকা সত্ত্বেও নিজেদের বিভিন্ন জটিল ও কঠিন রোগের বিশেষজ্ঞ বলে প্রচার করার অভিযোগে ভোক্তা অধিকার সংক্ষরণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ ছাড়াও তাদেরকে অর্থদণ্ডের পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে অঙ্গীকারপত্র নেওয়া হয়।

জানাযায়, এসব চিকিৎসক'রা স্থানীয়ভাবে বেশ পরিচিত হলেও, তাঁদের কেউ কোনো প্রকার অনুমোদিত চিকিৎসা ডিগ্রিও দেখাতে পারেনি। কিন্তু বছরের পর বছর তাঁরা চিকিৎসা দেওয়ার পাশাপাশি করেছেন ছোট-বড় সার্জারি, নির্দ্বিধায় ব্যবহার করছেন জীবন রক্ষাকারী শক্তিশালী এন্টিবায়োটিক ও বিভিন্ন রোগের ইনজেকশনের প্রয়োগ। অপারেশনে ব্যবহার করতেন স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদনহীন, অনেক ক্ষেত্রে নিষিদ্ধ উচ্চক্ষমতার ইনজেকশন ও ওষুধ। যে অপারেশনগুলো করার জন্য অভিজ্ঞ সার্জন, সরকারি লাইসেন্সপ্রাপ্ত অ্যানেসথেটিস্ট ও আধুনিক অস্ত্রোপচার সুবিধা প্রয়োজন তা এসব পল্লী চিকিৎসক'রা চালাতেন ঝুঁকিপূর্ণ পরিবেশে বসে।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এই পল্লী চিকিৎসকদের বিরুদ্ধে বহুদিন ধরেই নানা অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে কেউই বড় ধরনের আইনগত ঝুঁকিতে পড়েনি-বিধায় নির্দ্বিধায় চিকিৎসার নামে নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অভিযানে উপস্থিত থেকে দুই ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের কর্মকাণ্ড ফাঁস করেন। এসময় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ মোজাম্মেল হক ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর, ছরওয়ার কামাল, সাতকানিয়া থানা পুলিশের এএসআই মোস্তাক আহমেদ, পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে সাতকানিয়া উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Komentari 0

Nema komentara