সত্যজিৎ দাস:
মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সিলেটগামী ‘হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস’ নামের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আল আমিন প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত হন আরও তিনজন।
তাৎক্ষণিকভাবে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল জামান জানান,হাসপাতালে আনার পর চিকিৎসকরা আল আমিনকে মৃত ঘোষণা করেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতির দুটি বাস ভাঙচুর করে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় দেড় ঘণ্টা সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান,দুর্ঘটনায় এক তরুণ নিহত এবং তিনজন আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে,তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।