কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কিশোরগঞ্জ অর্থায়নে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে “সততা স্টোর” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ৩১ জুলাই সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নে জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং দুপুরে লায়ন মুজিব-মুনা গার্লস স্কুলে পৃথক পৃথক ভাবে উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলার সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল, জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এ. কাসেম এবং লায়ন মুজিব-মুনা গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারজানা রুবাইয়া।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সাংবাদিক মোঃ নাঈমুজ্জামান নাঈম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূরুল আলম রাশিদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সততা সংঘের সদস্যরা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদ্যালয় কর্তৃক গঠিত সততা সংঘের সদস্যদের মাঝে দুর্নীতি দমন কমিশনের লোগো সংবলিত ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেন।