কক্সবাজারে মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান অভিযানে এবার ধরা পড়ল আরও ভয়াবহ চিত্র। অভিনব কৌশলে প্রাইভেট কারের অতিরিক্ত গ্যাস সিলিন্ডারে লুকিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। কিন্তু শেষ রক্ষা হয়নি।
গতকাল রোববার (২৮ জুলাই) রাত ১১ টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয় তিনজনকে।
আটককৃতদের একজন কক্সবাজার পৌর যুবদলের ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম (২৬)। তিনি শহরের পশ্চিম চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। তার সঙ্গে আরও আটক হয়েছেন তার ভাই মো. কবির (২৩) এবং উখিয়ার থাইংখালী রহমতেরবিল এলাকার মামুনুর রশিদ (২৪)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালায়। তারা দেখতে পান, একটি ওয়াইন রেড রঙের প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডারের ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিল বিপুল পরিমাণ ইয়াবা। তাৎক্ষণিকভাবে গাড়িটি আটক করে ভেতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তিন পাচারকারীকে আটক করা হয়।
তিনি বলেন, ‘তেলচালিত গাড়িতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার বসিয়ে সেটির ভেতরে এই মাদক লুকানো ছিল। এটা অত্যন্ত পরিকল্পিত ও সংগঠিত চক্রের কাজ। আমরা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছি। তাদের পেছনে যেসব বড় হোতা রয়েছে, সেগুলো শনাক্তের চেষ্টা চলছে।’
এদিকে আটক যুবদল নেতা নুরুল ইসলাম আটক হওয়ায় রাতেই এক ফেইসবুক পোস্টের মাধ্যমে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করার খবর জানান পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক সোহেল। রাতেই এক ফেইসবুক পোস্টে নুরুল ইসলামের ব্যক্তিগত অসামাজিক কার্যকলাপের কারণে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেন এবং দলের অন্যান্য সদস্যদের সতর্ক করেন যেন পরবর্তীতে যেন কোনো সদস্য এমন অসামাজিক কার্যকলাপে যুক্ত না হয়।
'আই নিউজ বিডি' অ্যাপ

Kommentarer 0