ম্যানচেস্টার টেস্ট শেষে গতকাল (২৭ জুলাই) পন্তের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে ভারতীয় নির্বাচকরা। তার জায়গায় দলে নেওয়া হয়েছে তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটার এন জগদিশানকে। তবে চোট নিয়েও দমে যাননি পন্ত। পরদিন গুরুতর ইনজুরি নিয়েও ব্যাটিং করতে নামেন তিনি। এক পায়ে দাঁড়িয়ে খেলেন মূল্যবান ইনিংস, তুলে নেন একটি দুর্দান্ত ফিফটিও। দলের জন্য কিছু করতে পারার তাগিদেই ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ।
ম্যাচ শেষে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর প্রশংসায় ভাসান এই উইকেটরক্ষক ব্যাটারকে। বলেন, ‘পন্তের জন্য যত প্রশংসাই করি, কমই হবে। বিশেষ করে ভাঙা পা নিয়ে ব্যাটিং করা—এটা অতীতে খুব কম ক্রিকেটারই করেছেন। আমি ঘণ্টার পর ঘণ্টা বসে এটা নিয়ে কথা বলতে পারি।’
পাশাপাশি কামনা করেন তার দ্রুত সুস্থতার, ‘আমি বিশ্বাস করি ভবিষ্যতের প্রজন্মও পন্তের এই ইনিংসের কথা বলবে। দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে সে ছিটকে গেছে। তবে সে আমাদের টেস্ট দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। আশা করি, খুব দ্রুতই সে মাঠে ফিরবে।’
এদিকে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের আগে চোট সমস্যায় কিছুটা চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আকাশ দীপ ভুগছেন কুঁচকির চোটে, আর্শদীপ সিংয়ের আঙুলে চোট এবং নিতিশ রেড্ডির চোট লেগেছে হাঁটুতে। ইতোমধ্যে নিতিশকে ছিটকে দেওয়া হয়েছে সিরিজ থেকে। তবে আকাশ ও আর্শদীপ দুজনই এখনও স্কোয়াডে আছেন এবং লন্ডনে সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য প্রস্তুত বলে জানানো হয়েছে।