ঢাকা, ২৮ জুলাই:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় প্রিজনভ্যানে করে ছয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আসামিদের মধ্যে রয়েছেন—বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। বাকী ২৪ আসামি বর্তমানে পলাতক। এর আগে গত ২২ জুলাই ট্রাইব্যুনাল-২ রংপুরের সাবেক ভিসি ও পুলিশ কমিশনারসহ এ ২৪ জনকে পলাতক ঘোষণা করে।
একই দিনে লক্ষ্মীপুরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা মামলায় শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় তিন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। তারা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
এ ছাড়া, আশুলিয়ার গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ২ জুলাই ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় জড়িত সাত আসামিকেও আজ ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে। এরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।
আদালত সূত্রে জানা গেছে, সব মামলার শুনানি একযোগে শুরু হয়েছে এবং প্রত্যেক ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, পরিকল্পিত হত্যা ও লাশ গুমের অভিযোগ আনা হয়েছে। বিচারকরা প্রাথমিক শুনানির পর পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করবেন বলে জানা গেছে।