সত্যজিৎ দাস:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া নারী-শিশুসহ ১১ বাংলাদেশিকে আজ শনিবার (২৬ জুলাই) সকালে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে বিজিবির নিউপাল্লাথল ক্যাম্পের টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে,আটককৃতদের মধ্যে রয়েছেন ৩ জন পুরুষ,৩ জন নারী ও ৪ জন শিশু। এ ছাড়া তাঁদের দেশে ফিরিয়ে আনতে সহায়তা করা এক দালালও ধরা পড়েছে।
তারা সবাই সুনামগঞ্জ জেলার বেদেপল্লি সম্প্রদায়ের সদস্য। প্রায় ছয় মাস আগে এই সীমান্ত দিয়েই তারা ভারতে প্রবেশ করেছিলেন। সম্প্রতি ভারতের অভ্যন্তরে অবৈধ অভিবাসী উচ্ছেদ অভিযান শুরু হলে তারা পুনরায় বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,একটি দালালচক্রের সহায়তায় টাকা দিয়ে তারা রাতের অন্ধকারে বাংলাদেশে প্রবেশ করে। তবে সীমান্তে বিজিবির কড়া নজরদারির কারণে ভোরেই তাদের আটক করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, “আটকদের জাতীয়তা ও পরিচয় যাচাইয়ের পর যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”