কুমিল্লা

শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে ,এনসিপি নেতা শিশির

Citing Comilla’s historic resistance to BAKSAL in 1975, NCP leader Shisir declares the region will once again defeat fascism and reclaim national freedom.
Eidok-এ শেয়ার
শেখ মুজিবের বাকশালকে কুমিল্লার মানুষ মাটির সঙ্গে ধসিয়ে দিয়েছে  ,এনসিপি নেতা শিশির
ছবি: সংগৃহীত

বাকশালের পতন যেমন কুমিল্লার মাটিতেই ঘটেছিল, তেমনি নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধেও এবার ঘুরে দাঁড়াচ্ছে কুমিল্লার সূর্য সন্তানরা—বললেন এনসিপি নেতা শিশির।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, “বাংলাদেশের ইতিহাসে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ নাম। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের একদলীয় শাসন ব্যবস্থা ‘বাকশাল’ যখন এ দেশের মানুষের কণ্ঠ রুদ্ধ করে দিয়েছিল, তখন কুমিল্লার জনগণই প্রথম সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আজও যখন দেশে ফ্যাসিস্ট শাসনের ছায়া নেমে এসেছে, কুমিল্লার বিপ্লবীরাই সেই অন্ধকারকে চিরে ফেলবে।”

গতকাল কুমিল্লা শহরে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত একটি পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিশির আরও বলেন, “২৪ সালের এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই ১৯৭৫ সালের মতোই ঐতিহাসিক হয়ে উঠেছে। একদলীয় শাসনের নামে মানুষের অধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা হরণ—এসব কিছুই আমাদের ইতিহাসে দেখা গিয়েছে। কিন্তু কুমিল্লা সেই ইতিহাস পাল্টাতে জানে। অতীতেও পেরেছিল, এবারও পারবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, “কুমিল্লা বিপ্লবীদের জন্মভূমি। এই মাটিতে বঞ্চিতরা যেমন আশ্রয় পায়, তেমনি প্রতিবাদীরাও মাথা তুলে দাঁড়ায়। বাংলাদেশে যতবার স্বৈরতন্ত্র মাথাচাড়া দিয়েছে, কুমিল্লা তখন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তাই আজকের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তেও কুমিল্লাই প্রথম ঝাঁপিয়ে পড়েছে।”

কুমিল্লা বিভাগের দাবি তুলে ধরে শিশির বলেন, আমরা অবিলম্বে কুমিল্লাকে বিভাগ হিসেবে স্বীকৃতি চাই। কুমিল্লা বিমানবন্দর চালু চাই। আমরা এমন একটি রেলপথ চাই, যা ঢাকা থেকে সরাসরি কুমিল্লায় আসে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া বা নরসিংদী হয়ে ঘুরে আসার প্রয়োজন নেই। এই অব্যবস্থাপনার অবসান চাই।

এ সময় উপস্থিত জনতা ‘কুমিল্লা বিভাগ চাই’ ও ‘গণতন্ত্র ফিরে চাই’ স্লোগানে পুরো পদযাত্রা প্রকম্পিত করে তোলে। শিশির বলেন, “বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতেই হবে। কুমিল্লার ভূমিকা এ যাত্রায় অপরিহার্য। আমরা আর ফ্যাসিজম, স্বৈরতন্ত্র, একদলীয় শাসন চাই না।”

তিনি আরও বলেন, “দেশের সব প্রান্তের মানুষের মনে এখন একটাই আশা—বাকশালমুক্ত, স্বৈরতন্ত্রমুক্ত একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ।”

পদযাত্রায় অন্যান্য নেতারাও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দেন এবং কুমিল্লার জনগণের সচেতনতার প্রশংসা করেন।

হোয়াটসঅ্যাপে আই নিউজ বিডিবড় খবর সবার আগে, সরাসরি আপনার ফোনে। বিনামূল্যে।ফলো করুন

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি