গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ, গুলি বিনিময় ও ব্যাপক ভাঙচুরে নিহত ৪ জন। শহরজুড়ে আতঙ্ক, চলছে সেনা টহল, জারি কারফিউ।
গোপালগঞ্জ যেন বুধবার পরিণত হয়েছিল একটি রণক্ষেত্রে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বঘোষিত রাজনৈতিক সমাবেশ ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরের কেন্দ্রস্থলে। সকাল গড়াতে না গড়াতেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও পরবর্তী পর্যায়ে গোলাগুলি। এদিন বিকেল নাগাদ শহরের দৃশ্য ছিল ধ্বংসস্তূপে পরিণত এক জনপদ। আতঙ্কে মানুষ ঘরবন্দি, ব্যবসা-বাণিজ্য থমকে যায়, রাস্তায় নামে সশস্ত্র বাহিনী।
সূত্র জানায়, এনসিপি সমাবেশ শুরু হওয়ার আগেই পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ায় দলটির নেতাকর্মীরা। এরপর দ্রুতই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমর্থকরা অবস্থান নেন বিভিন্ন মোড়ে। হঠাৎ সংঘর্ষ শুরু হলে মুহূর্তেই ইট-পাটকেল ছোড়া শুরু হয়। খুব দ্রুত তা রূপ নেয় সহিংস রণাঙ্গনে। শহরের ভাটিয়াপাড়া মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, আদালত চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে পুরো শহর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন। আহত হন অন্তত ৫০ জন, যাদের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যও রয়েছেন। আহতদের অনেকেই গোপালগঞ্জ সদর হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর সন্ধ্যার দিকেই শহরে চরম উত্তেজনা বিরাজ করতে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ৮টা থেকে গোপালগঞ্জ শহরে জারি করা হয় কারফিউ। সকল যান চলাচল, দোকানপাট ও চলাফেরা নিষিদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি। ডিসি অফিস, জেলা কারাগার, হাসপাতাল ও আদালত চত্বরসহ মোড়ে মোড়ে পুলিশ ও র্যাবের টহল জোরদার করা হয়েছে। শহরের প্রধান সড়কগুলো এখনো ইট-পাটকেল, ছেঁড়া ফেস্টুন, পুড়ে যাওয়া তোরণ গেট এবং ভাঙা চেয়ার-সাউন্ড সিস্টেমে ভরা। বাতাসে এখনো ধোঁয়ার গন্ধ ও আতঙ্কের ছায়া।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে জড়িত সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে আরও অনেককে শনাক্ত করা হচ্ছে, যাদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতারি অভিযান চালানো হবে।
এদিকে, এনসিপি নেতারা অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে ‘সরকারি মদদপুষ্ট’ দল ও আইনশৃঙ্খলা বাহিনী পরিকল্পিত হামলা চালিয়েছে। অন্যদিকে, পুলিশ দাবি করছে, এনসিপি কর্মীরাই উসকানিমূলক আচরণ শুরু করে এবং প্রথম ককটেল ও ইট নিক্ষেপ করে। এই দায় কে নেবে, তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।
শহরের সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। মোবাইল ইন্টারনেট বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পুরো গোপালগঞ্জ এখন এক থমথমে ভূতের শহরে পরিণত হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
Bemerkungen 0