কুমিল্লার তিন ‘রাজনৈতিক’ মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতের অব্যাহতি.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কুমিল্লার তিন ‘রাজনৈতিক’ মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতের অব্যাহতি..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
কুমিল্লার তিন ‘রাজনৈতিক’ মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতের অব্যাহতি..
কুমিল্লার তিন ‘রাজনৈতিক’ মামলায় বেগম খালেদা জিয়াকে আদালতের অব্যাহতি..
ছবি: সংগৃহীত
BNP Chairperson Khaleda Zia has been acquitted from three politically motivated arson and murder cases filed in Comilla during the 2015 unrest.

২০১৫ সালের পেট্রোল বোমা ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া তিনটি আলোচিত মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে কুমিল্লার আদালত।

 

কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রোল বোমা ও কাভার্ডভ্যান পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের হওয়া তিনটি আলোচিত মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছে আদালত। দীর্ঘদিন ধরে আলোচিত এই মামলাগুলোতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হিসেবে বিবেচনা করে আদালত এই রায় দেন।

সোমবার বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কাইমুল হক রিংকু। তিনি জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ঘটনাস্থলেই আটজন যাত্রী নিহত হন। ওই ঘটনায় পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা দায়ের করে। মামলাগুলোতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা, স্থানীয় নেতাকর্মীসহ মোট ৭৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়।

এই মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার। মামলার শুনানিতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে মামলা থেকে অব্যাহতি দেন।

কুমিল্লার পিপি রিংকু আরও জানান, ওই সময়ে খালেদা জিয়া ঢাকার গুলশানে তার বাসভবনে অবস্থান করছিলেন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা অবরুদ্ধ ছিলেন। ফলে তিনি ঘটনাস্থলে ছিলেন না বা ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না, এমন তথ্য আদালতে প্রমাণিত হয়।

অপরদিকে, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় একটি কাভার্ডভ্যান পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের হওয়া নাশকতার মামলাতেও বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। পরবর্তীতে আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এই মামলারও বাদী ছিলেন এসআই নুরুজ্জামান হাওলাদার।

এই মামলার শুনানিতেও খালেদা জিয়ার সম্পৃক্ততা বা সংশ্লিষ্টতার কোনো প্রমাণ মেলেনি। এজন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেন।

জেলা পিপি রিংকু জানান, এই তিনটি মামলাই ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা হয় এবং সময়ের পরিপ্রেক্ষিতে এসব মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে চিহ্নিত করে আইন মন্ত্রণালয়ে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে মামলাগুলো প্রত্যাহার করার নির্দেশ আসে।

তিনি আরও জানান, এখন থেকে খালেদা জিয়া কিংবা বিএনপির কোনো কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আর কোনো মামলা নেই। দীর্ঘ প্রায় এক দশক পর এই মামলাগুলোর নিষ্পত্তি বিএনপির জন্য আইনি ও রাজনৈতিকভাবে বড় এক স্বস্তির বার্তা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বিএনপির পক্ষ থেকেও আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। দলটির একজন সিনিয়র আইনজীবী বলেন, ‘‘এই মামলা গুলো শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল। আজ আদালতের রায়ে সত্যের জয় হয়েছে।’’

نظری یافت نشد


News Card Generator