বায়েজীদ ইসলাম জয় সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলায় পূর্ববিরোধের জেরে মো. জিসান (২১) নামে এক যুবক ও তার কয়েকজন সহপাঠীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিসান সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ৮টার দিকে জিসান নিজ বাড়ি থেকে নৌকাযোগে সিংড়া যাওয়ার পথে গলনালিয়া বাজার এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার ও তার সহপাঠীদের পথরোধ করেন। এ সময় বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলায় জিসানসহ তার ৫ থেকে ৬ জন সহপাঠী শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এ সময় জিসানের ব্যবহৃত একটি আইফোন ১৪ প্রো ম্যাক্সও ভেঙে যায় বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর জিসান ও তার সহপাঠীরা স্থানীয়ভাবে চিকিৎসকের পরামর্শ নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তদের কয়েকজন পুনরায় মারধর এবং ভয়ভীতি প্রদর্শনের হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন জিসান।
লিখিত অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনার পাশাপাশি আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
জিসান জানান, ঘটনার পর স্থানীয় লোকজনের পরামর্শে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। এ কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়। পরে আইনগত সহায়তা নেওয়ার জন্য তিনি সিংড়া থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী জিসান তার অভিযোগটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে ঘটনাটি তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগে উত্থাপিত ঘটনাগুলোর সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।