মৌলভীবাজার সদর মডেল থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ৮০ বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান ওরফে সকাল (৩২) এবং ইটাগাছা এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে শেরপুর গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালানো হয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী খুলনা মেট্রো-ট-১১-২৩১৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে ট্রাকের চালক ও হেলপারের সিটের পেছনে থাকা চারটি চটের বস্তা থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মধ্যে ৪৬ বোতল ROYAL STAG DELUXE WHISKY, ১৬ বোতল ICONiQ WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY এবং ১৮ বোতল AC BLACK PURE GRAIN DELUXE WHISKY রয়েছে।
পুলিশের দাবি,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পরস্পর যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদের চালানটি ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। উদ্ধার করা মদ ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।