ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- রাজ-১১৮৯) ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মুক্তারুল ইসলাম মুক্তার। তিনি সংগঠনের সদস্য, নির্মাণ শ্রমিক, মেহনতি মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিবন্ধনধারী ও বৈধ কার্ডধারী সদস্যদের সরাসরি ভোটে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হবে।
তফসিল অনুযায়ী, ১৫ ও ১৬ আগস্ট বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ১৮ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৯ আগস্ট যাচাই-বাছাই, ২০ আগস্ট প্রার্থিতা বাতিলের আপিল, ২২ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৩ আগস্ট নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলাম মুক্তার বলেন, নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিক কল্যাণ এবং তাদের স্বার্থ সংরক্ষণে আন্তরিকভাবে কাজ করবেন। একই সঙ্গে নির্মাণ শ্রমিক ইউনিয়নকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “সংগঠনের প্রতিটি শ্রমিকের মতামত ও স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। শ্রমিকদের যেকোনো সমস্যা ও অধিকার আদায়ে তাদের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তারুল ইসলাম মুক্তারের প্রতি শুভকামনা জানিয়েছেন এবং তার নির্বাচনী সাফল্য কামনা করেছেন।
নির্বাচনকে সামনে রেখে মুক্তারুল ইসলাম মুক্তার রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য, শ্রমজীবী ও মেহনতি মানুষ এবং শুভাকাঙ্ক্ষীদের ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় পৌর শহরের শিবদিঘী পৌর মার্কেটে অবস্থিত। সংগঠনটি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত।