মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে একটি কভার ভ্যান থেকে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কভার ভ্যানটি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের কালিকাপুর গ্রামে কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান ফটকের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার রাজাপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে ফজলে রাব্বী (২৫) এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হাজী বছির আহম্মদের বাড়ির মৃত বছির উদ্দিনের ছেলে নূর উদ্দিন (৩৫)।
এসআরবি-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কভার ভ্যানের ভেতরে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানান, হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে তারা কভার ভ্যানে নিয়ে যাচ্ছিলেন।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের ও জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।