লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় যাত্রীবাহী ট্রেনের বগি ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিং আটকে যাওয়ায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলো পুনরায় সংযুক্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তুষভান্ডার রেলস্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন তুষভান্ডার এলাকায় পৌঁছালে ইঞ্জিনের সঙ্গে থাকা বগিগুলো হঠাৎ বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। এ সময় চালক বিষয়টি বুঝতে না পেরে ইঞ্জিন নিয়ে কিছু দূর সামনে এগিয়ে যান।
বগিগুলো লেভেল ক্রসিং দখল করে থাকায় মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রী ও চালকদের ভোগান্তি পোহাতে হয়।
স্থানীয়দের ভাষ্য, বগি আটকে থাকায় পুরো ক্রসিং বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে শত শত যাত্রীকে।
তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল বলেন, খবর পাওয়ার পর লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন পাঠানো হয়। সেটি এসে বিচ্ছিন্ন বগিগুলো ট্রেনের সঙ্গে যুক্ত করে বুড়িমারীর উদ্দেশ্যে পাঠায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, ইঞ্জিন ও বগির সংযোগকারী হুকে যান্ত্রিক ত্রুটির কারণে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।