ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আসাদুজ্জামান,
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
৫ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির বাবলুর রশিদ, উপজেলা বিএনপির জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন।
অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আন্দোলনে আত্মত্যাগকারী ও অবদান রাখা ব্যক্তিদের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা গণতন্ত্র, মানবাধিকার এবং উন্নয়নমুখী রাষ্ট্র বিনির্মাণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।