ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, ডিবির জালে প্রতারক নাইম..

Md Masum Billah avatar   
Md Masum Billah
ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, ডিবির জালে প্রতারক নাইম..
ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, ডিবির জালে প্রতারক নাইম..
পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে প্রতারণার..

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ মে ২০২৬ তারিখে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে এক হোমিওপ্যাথিক ওষুধ ব্যবসায়ীর কাছে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। সে দাবি করে, তার ওষুধ সেবন করে একজন শিশু মারা গেছে এবং মামলা এড়াতে ৫ লাখ টাকা দিতে হবে। মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে প্রতারক ব্যবসায়ীর কাছ থেকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেয়।

মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)

সরাসরি কেনাকাটা করুন
সবগুলো দেখুন

এরপর একই ব্যক্তি ৩০ মে ২০২৬ তারিখে নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে এক বিকাশ ও নগদ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে। সে অভিযোগ তোলে যে, ওই দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন পরিচালিত হচ্ছে এবং মামলা না করতে ৪০ হাজার টাকা দাবি করে।

এ ধরনের প্রতারণার অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ সুপারের আইসিটি শাখাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ডিবির একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। একপর্যায়ে অভিযান চালিয়ে গতকাল রাতে বগুড়া জেলার আদমদীঘী উপজেলার নামা পোওতা গ্রামের মোঃ নাইম হোসেন (২৮)-কে সান্তাহার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, ৩টি সচল সিম কার্ড এবং বিভিন্ন কোম্পানির আরও ৩৮টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাইম হোসেন স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে নিজেকে কখনো পুলিশ সুপার, কখনো থানার ওসি, কখনো জেলা প্রশাসক (ডিসি) আবার কখনো প্রভাবশালী রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার প্রতারণার শিকার হয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ প্রশাসন সাধারণ জনগণকে এ ধরনের প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কোনো সরকারি কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করা হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

No comments found


News Card Generator