টেকনাফে নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ জব্দ..

Tariqul Taj avatar   
Tariqul Taj
তারিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক, অস্ত্র চোরাচালান, সন্ত্রাস ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। দীর্ঘ সময় ধরে পরিকল্পিত তল্লাশি ও নজরদারির পর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে বাড়িটি থেকে ২টি অত্যাধুনিক জি-থ্রি (G3) রাইফেল, ১টি এমএ-১ (MA 1) রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ বিদেশি উৎসের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এছাড়া একই স্থান থেকে পাচারের উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখা ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি সীমান্তপথে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি ছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

অভিযান শেষে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী দৃঢ় অবস্থানে থেকে নিয়মিত টহল, নজরদারি ও বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে।

No comments found


News Card Generator