টাঙ্গাইল সদর উপজেলার শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বইমুখী করতে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’ এই মহতী উদ্যোগ বাস্তবায়ন করছে। চরাঞ্চলের বাতিঘর হিসেবে পরিচিত এই পাঠাগারটি মগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। গত রবিবার (৩১ মে) থেকে চৌরাকররা, বামন পাড়া ও চৌধুরী মালঞ্চ গ্রাম দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
কর্মসূচির অংশ হিসেবে ঈদ-পরবর্তী সময়ে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পাঠাগারের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামানসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, “এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি” স্লোগানকে সামনে রেখে ২০১০ সালে টাঙ্গাইলের চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই পাঠাগারটি সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশনে অণুপাঠাগার স্থাপনসহ নানাবিধ শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।