সীতাকুণ্ডে শহীদ জিয়ার স্মরণে খতমে কোরআন, দোয় ও আলোচনা সভা
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
এম জামশেদ আলম, সীতাকুণ্ড প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার ভাটিয়ারী এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো: আসলাম চৌধুরীর বাসভবন প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোহাম্মদ মোরসালিনের সঞ্চালনায় পবিত্র কোরআন খতমের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মো: আসলাম চৌধুরী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। স্বাধীনতার সংকটময় সময়ে তিনি জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং পরবর্তীতে উৎপাদনমুখী অর্থনীতি, জাতীয়তাবাদী দর্শন ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় জিয়াউর রহমান আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আদর্শ ও কর্মপ্রয়াস আজও দেশের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।