সীতাকুণ্ডে দুটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন সম্পন্ন
এম জামশেদ আলম,
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সরকারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাস্তবায়িত “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি” প্রকল্পের আওতায় দুটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ স্থাপন সম্পন্ন হয়েছে।
সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া গ্রামে একটি কন্টেইনারভিত্তিক (Container-based) এবং বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল গ্রামে একটি রুমভিত্তিক (Room-based) মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে। এর মধ্যে কন্টেইনারভিত্তিক কোল্ড স্টোরেজটি বিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ—উভয় সংযোগে পরিচালিত হবে। অপরদিকে রুমভিত্তিক কোল্ড স্টোরেজটি শুধুমাত্র বিদ্যুৎ সংযোগে চলবে।
বুধবার (১ এপ্রিল) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নেতৃত্বে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার তিনটি পরিদর্শন দল স্থাপিত কোল্ড স্টোরেজ দুটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পার্বত্য জেলাগুলোতেও এ ধরনের মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ জানান, সীতাকুণ্ড উপজেলায় উৎপাদিত বিভিন্ন সবজি সংরক্ষণের জন্য দীর্ঘদিন ধরে কোল্ড স্টোরেজের প্রয়োজন ছিল। সম্প্রতি স্থাপিত দুটি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, কৃষকরা এর সুফল পেলে ভবিষ্যতে ব্যক্তি উদ্যোগেও এ ধরনের মিনি কোল্ড স্টোরেজ প্রতিষ্ঠিত হবে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট