এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে অনুভূত হওয়া এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।
ভূমিকম্পের মাত্রা তুলনামূলকভাবে কম হওয়ায় সিলেট নগরীসহ আশপাশের অনেক এলাকাতেই এটি অনেকেই অনুভব করেননি।
আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের আবহাওয়াবিদ সজিব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, "ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ছাতক, সুনামগঞ্জে এবং মাত্রা ছিল ৪।"
এর আগে ঠিক এক সপ্তাহ আগে, ১৪ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৫টা ১১ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয় সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৮০ কিলোমিটার দূরে।
উল্লেখযোগ্য বিষয় হলো, ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পটি কেবল বাংলাদেশেই নয়, প্রতিবেশী দেশ ভারত, নেপাল, মিয়ানমার, ভূটান ও চীনেও অনুভূত হয়।
পরপর দুটি ভূমিকম্পে ভূ-কম্পনপ্রবণ এলাকা হিসেবে পরিচিত সিলেট অঞ্চলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, টেকটোনিক প্লেটের সক্রিয়তার কারণে এই অঞ্চলে ভবিষ্যতেও ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।
স্থানীয়দের ভূমিকম্পকালীন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতন হওয়ার এবং জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।