মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
চট্টগ্রাম (৭) আসন রাঙ্গুনিয়া—দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের পক্ষে চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত রাঙ্গুনিয়াবাসীদের উদ্যোগে প্রাণবন্ত এক প্রীতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ‘ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া নাগরিক ফোরাম’।
রোববার (২৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাটস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী, নগরবাসী, শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশটি পরিণত হয় রাঙ্গুনিয়াবাসীদের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, “রাঙ্গুনিয়ার উন্নয়ন, শিক্ষার অগ্রগতি ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে পারস্পরিক সহযোগিতা গড়ে তুললে রাঙ্গুনিয়া আরও এগিয়ে যাবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “দেশ-বিদেশে যারা রাঙ্গুনিয়ার সুনাম বৃদ্ধি করছেন, তাদের সঙ্গে সুসম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। ঐক্য ও ভ্রাতৃত্বের মাধ্যমে রাঙ্গুনিয়াবাসীরা উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।”
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আমীর আলাউদ্দিন সিকদার, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ ফজলুল করিম চৌধুরী ও মাওলানা মুহাম্মদ মিয়া হোসাইন শরীফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রকৌশলী শফিউল আলম, আবু তালেব, ইয়াহিয়া মাহমুদ রিজভী, ইসমাইল, আ.ন.ম শামসুল আলম, সাংবাদিক অনিরুদ্ধ অপু, বিটিভি সাংবাদিক দেবাশীষ দাশ, অধ্যাপক প্রণয় কুমার বড়ুয়া, লুটাস বড়ুয়া এবং উত্তর জেলা খেলাফত মজলিস আমীর মুফতি আবুল কালাম আজাদ।
চবি রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের আহ্বায়ক জোনায়েদ আল কাফি, প্রবাসীদের প্রতিনিধি আব্দুল কুদ্দুস ও মুহাম্মদ ইউনুস, রাঙ্গুনিয়া ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ডা. জিতু দাশ গুপ্ত, এবং নাগরিক ফোরামের পক্ষ থেকে মুহাম্মদ রাশেদ তালুকদার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ডের সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। উদ্বোধনী বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা জামায়াত আমীর মাওলানা মুহাম্মদ হাসান মুরাদ। সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক গিয়াস উদ্দীন তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হিজবুল্লাহ আল মুজাহিদ। শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপভোগ করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, প্রবাসী ও নগরবাসী রাঙ্গুনিয়াবাসীদের এই ঐক্য ভবিষ্যতে রাঙ্গুনিয়ার সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।