পূর্বধলায় বাসের ধাক্কায় সিএনজি বিধ্বস্ত, নিহত ২, আহত ৩

Md MR Uzzal avatar   
Md MR Uzzal
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।..

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের পাশের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহ দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (প্রায় ৫০ বছর বয়সী) আরও একজন পুরুষের মৃত্যু হয়।
আহতরা হলেন— দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি এবং ময়মনসিংহের ফুলপুর থানার মনির হোসেন (২৩)। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

No comments found


News Card Generator