বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, প্রতারণার মাধ্যমে নয়, জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং রাষ্ট্রীয় অধিকার ভোগে কোনো বৈষম্য থাকবে না। শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৪টায় রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দিঘীর পাড়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে মোংলা বন্দর আধুনিকায়ন, ইপিজেড সচলকরণ ও কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে। হুড়কা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবুসহ দলের নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী-পুরুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















