নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের উদ্যোগে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে ৮০৮ জন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাঁর পক্ষ থেকে এ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের গণমানুষের প্রতিনিধি জনাব নুরুল হক নূর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত উপকারভোগীরা নিয়মিত সহায়তা পাবেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক, স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নে আয়োজিত এ ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।
স্থানীয় বাসিন্দারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সহায়তা পেলে তাদের জীবনযাত্রা অনেক সহজ হবে।



















