মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
গতকাল সোমবার (৮ জুন) বিকেলে নাটোর থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় তিনি থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি সেবার মান নিয়ে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, কিশোর গ্যাং, সাইবার অপরাধ, গুজব, ইভটিজিং, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের বিষয় গুরুত্ব পায়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং সভায় উত্থাপিত বিভিন্ন বিষয় পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহা, নাটোর থানার অফিসার ইনচার্জ, থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।