নাগরপুরে অপপ্রচার নিয়ে মুখ খুললেন শ্রমিক নেতা, ছুড়লেন চ্যালেঞ্জ..

MD SHIPON RANA avatar   
MD SHIPON RANA
নাগরপুরে অপপ্রচার নিয়ে মুখ খুললেন শ্রমিক নেতা, ছুড়লেন চ্যালেঞ্জ

 

সিপন(নাগরপুর)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তৃণমূল বিএনপি’ নামের একটি ফেক আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা। বুধবার (২৯ এপ্রিল) সকালে নাগরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও শ্রমিকদলের উপদেষ্টা মো. মাসুদুর রহমান লিয়াকত মোল্লা, শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আলতাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান রানা, যুবদল নেতা মো. সামছুল মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আ. রৌফ, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জিল্লুর রহিম, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়ামিন মিয়া আকাশ, ভাদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিগির হোসেন খান, শ্রমিকদল নেতা মো. আবু তাহের ও বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ঠান্ডু শেখ।

লিখিত বক্তব্যে আরিফুল ইসলাম নবা বলেন, তিনি নাগরপুর সরকারি কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক ও ভিপি, কলেজ শাখা ছাত্রদল ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি উপজেলা শ্রমিকদলের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর রাজনৈতিক উত্থানে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ফেক আইডির মাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, অতীতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিকবার জেল-জুলুম সহ্য করতে হয়েছে তাঁকে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নাগরপুর-দেলদুয়ার আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর পক্ষে সক্রিয় ভূমিকা রাখার কারণেও একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

চাঁদাবাজি ও শ্রমিক সংগঠন নিয়ন্ত্রণের অভিযোগ অস্বীকার করে নবা বলেন, স্থানীয় সিএনজি ও অটো শ্রমিকদের সমস্যা সমাধানে তারা কাজ করছেন। শ্রমিকরাই নিজেদের প্রতিনিধি নির্বাচন করে সংগঠন পরিচালনা করছেন। তিনি কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন বলেও দাবি করেন।

আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতির কথাও জানান তিনি। এ আয়োজনেও কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন বা ব্যক্তিগত সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

এছাড়া ড্রেজার বসিয়ে বালি উত্তোলন কিংবা মাটির ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট’ উল্লেখ করে তিনি বলেন, “মাদক বা চাঁদাবাজির সঙ্গে আমার সম্পৃক্ততার কোনো প্রমাণ কেউ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।”

তিনি আরও অভিযোগ করেন, একটি মহল তাঁকে স্থানীয় সংসদ সদস্যের কাছ থেকে দূরে সরানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

No comments found


News Card Generator