সত্যজিৎ দাস:
মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ঐতিহাসিক ১৬ ডিসেম্বর। বিজয়ের ৫৪ বছর পেরিয়ে ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে মৌলভীবাজার জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।
পরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয় (সেন্ট্রাল রোড,সোনালী ব্যাংক প্রধান শাখার বিপরীতে) থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে নগরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন;মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস-এর হেড অব নিউজ খালেদ চৌধুরী,সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার) এবং সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কণ্ঠ ও দৈনিক সিলেট বাণী)।
এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ,দপ্তর সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান,অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু, কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার,এনামুল হক আলম,শায়েক আহমদ,ছাদিকুর রহমান (সাব্বির)সহ সংগঠনের অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।
কার্যনির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার বলেন,“মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজয়ের চেতনায় দেশ গঠনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।”
সহ-সভাপতি এডভোকেট স্বপন কুমার দেব বলেন,“বিজয় দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়,এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক। মুক্তিযুদ্ধের আদর্শে অসাম্প্রদায়িক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠান শেষে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি,সমৃদ্ধি কামনা করে দোয়া ও আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।