মানবতা, ন্যায়বিচার ও বৈশ্বিক সেবার প্রত্যয়ে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশ চ্যাপ্টারের শুভ উদ্বোধন..

Md Yasir Arafat avatar   
Md Yasir Arafat
****

 

ইয়াছির আরাফাত, বিশেষ সংবাদদাতা :

মানবাধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও বৈশ্বিক মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর বাংলাদেশ চ্যাপ্টার। রাজধানীর বনানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারম্যান এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবন্ধী বিষয়ক কমিটির সদস্য মনসুর আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, টিআইবির সদস্য ড. জাহিদ আহমেদ চৌধুরী এবং দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান ও ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’-এর সভাপতি শিব্বির মাহমুদ।

 

এছাড়াও অনুষ্ঠানে দেশ-বিদেশের মানবাধিকার কর্মী, গণমাধ্যম প্রতিনিধি, সমাজসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জালাল উদ্দিন অংশগ্রহণ করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও মানবকল্যাণে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার।

 

প্রধান অতিথির বক্তব্যে মনসুর আহমেদ চৌধুরী বলেন, “মানবাধিকার শুধু আইনি বিষয় নয়, এটি মানুষের জন্মগত মর্যাদা, নিরাপত্তা ও সমতার প্রতিশ্রুতি। দেশের মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিনের তত্ত্বাবধানে ইতালি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংগঠনটির আন্তর্জাতিক সদস্যরা যুক্ত হন। তারা বাংলাদেশ চ্যাপ্টারের যাত্রাকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আওলাদ হোসেন দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বলেন, জাতিসংঘের মানবাধিকার সনদ অনুসরণ করে ‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে।

 

অনুষ্ঠানে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৫ জনকে সম্মাননা অ্যাওয়ার্ড এবং ১০ জনকে সনদপত্র প্রদান করা হয়। অ্যাওয়ার্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন জাহিদুল ইসলাম, সৈয়দ সারোয়ার হোসেন, ডক্টর বিকাশ চন্দ্র সরকার, নাজমিন সুলতানা, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোঃ মোজাফফর আহমেদ, লুৎফর রহমান হিমু, সৈয়দ জুবায়ের আহমেদ, সরদার সাইদুল কবির, রোটা ইঞ্জিনিয়ার মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া, শরিফুল ইসলাম, ডক্টর জাহিদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ খাইরুল হাসান পলাশ, মনসুর আহমেদ চৌধুরী ও শিব্বির মাহমুদ।

 

অন্যদিকে সনদপ্রাপ্তদের মধ্যে ছিলেন মোঃ মোবারক হোসেন, আব্দুল কাদের, বিপ্লব সিকদার, সৈয়দ মোর্তজা আলী মুরা, মোঃ রশিদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম খান, জিয়াউর রহমান শামীম, কাজী রিপন এবং লাবিবুর জামান লাবি।

 

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শিব্বির মাহমুদ বলেন, “‘হিউম্যান রাইটস অ্যালাইভ’ আন্তর্জাতিকভাবে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ চ্যাপ্টারও দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে নিরলসভাবে কাজ করবে।”

 

তিনি আরও জানান, সংগঠনটি আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধি, প্রবাসীদের আইনি সহায়তা, জলবায়ু পরিবর্তন ও শরণার্থী সংকটসহ বিভিন্ন মানবিক ইস্যুতে কার্যকর ভূমিকা রাখার পরিকল্পনা নিয়েছে। উল্লেখ্য, সংগঠনটির আন্তর্জাতিক সদর দপ্তর ইতালির ঐতিহাসিক শহর ভেনিসে অবস্থিত।

No comments found


News Card Generator