মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯। তবে এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২ মে ) সকালে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্র জানায়, শুক্রবার (১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কাদিরচক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একটি নির্মাণাধীন বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে বাড়িটির উত্তর-পূর্ব পাশে খালি সেফটি ট্যাংকের কাছে পরিত্যক্ত অবস্থায় ৩৫টি পোটলায় মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলা খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ৭০ কেজি এবং এর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়।
এদিকে, উদ্ধারকৃত মাদক জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।



















