কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মূলধারার সাংবাদিকদের দমিয়ে রাখতে ষড়যন্ত্রের অভিযোগে এক সাংবাদিকের দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কটিয়াদী প্রেস ক্লাব ও উপজেলায় কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় কটিয়াদী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে উপজেলার অধিকাংশ সংবাদকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা এবং সত্য গোপন করতেই চিহ্নিত ফ্যাসিস্টদের ইন্ধনে সাংবাদিকদের বিরুদ্ধে এই কাল্পনিক মামলা দায়ের করা হয়েছে। তারা বলেন, সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না এবং এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও জানান, অবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে কটিয়াদী প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক, আঞ্চলিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।



















