যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে সীতাকুণ্ডের ফেরদৌস মুন্না
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
এম জামশেদ আলম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ফেরদৌস আহমেদ মুন্না। নতুন এ দায়িত্ব পাওয়ায় সীতাকুণ্ডসহ চট্টগ্রামজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন ফেরদৌস আহমেদ মুন্না।
দীর্ঘ রাজনীতির পথচলায় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। যুবদলের সাবেক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রদলের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় মুন্না দলীয় আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মতো প্রতিকূল পরিস্থিতিরও মুখোমুখি হয়েছেন তিনি। বিএনপির বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণের বিষয়টি দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।
দলীয় নেতাকর্মীদের মতে, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে তার মনোনয়ন দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বে ফেরদৌস আহমেদ মুন্না জাতীয়তাবাদী যুবদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।