যশোরের অভয়নগরের ব্যবসায়ী হত্যার প্রতিবাদে হরতাল

রাসেল মাহমুদ avatar   
রাসেল মাহমুদ
****

যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার (১৩ মে) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। সকাল ৬টা থেকে শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ায় এই কর্মসূচি শুরু হয়।

নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতি এবং অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে এই হরতাল পালন করা হচ্ছে।

সকাল থেকেই হরতাল সমর্থকরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এবং নওয়াপাড়া নদী বন্দরের জাহাজ ও গুদাম থেকে লোড-আনলোড কাজ বন্ধ করে দিয়ে যশোর-খুলনা মহাসড়কে অবস্থান নিয়েছেন। মহাসড়কে টায়ার জ্বালিয়ে, বাঁশ ও ইট ফেলে অবরোধ করায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত ৬ মে সন্ধ্যায় বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ী আনিছুর রহমানকে তার মালিকানাধীন ৬ তলা মার্কেট 'আনিছ ট্রেড ভ্যালি'র সামনে কুপিয়ে জখম করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনিছুর রহমান মার্কেটের সামনে বসে থাকা অবস্থায় শাহ মো. মাহমুদ নামে এক যুবক তাকে গালিগালাজ করে এবং কোমর থেকে চাইনিজ কুড়াল বের করে প্রকাশ্যে তার মাথার বাম পাশে কোপ দেয়।

 

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৭ মে দিবাগত রাত ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে গুয়াখোলা গ্রামের শাহ মো. জোনায়েদের ছেলে শাহ মো. মাহমুদ ও তার সহযোগী নাসির উদ্দিনসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক ছিলেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মনির হোসেন নামে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে। প্রধান আসামিসহ অন্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

No comments found


News Card Generator