ধর্ষণচেষ্টা ব্যর্থ, প্রমাণ গোপনে নৃশংস হত্যা: নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড..

Akib Hasan Shad avatar   
Akib Hasan Shad
বিশ্বাসের সম্পর্ককে বিকৃত করে যৌন সহিংসতা, পরিকল্পিত হত্যাকাণ্ড ও আলামত নষ্টের দায়ে সাবেক কোচিং শিক্ষক আব্দুর রহিম রনির বিরুদ্ধে আদালতের কঠোরতম রায়..

 

নোয়াখালীর বহুল আলোচিত ‘তাসনিয়া হোসেন অদিতা’ হত্যা মামলায় আদালতের রায় স্পষ্ট করেছে—এটি শুধুমাত্র একটি হত্যাকাণ্ড নয়; এটি ছিল যৌন সহিংসতার চেষ্টা, ক্ষমতার অপব্যবহার, বিশ্বাসভঙ্গ, পরিকল্পিত হত্যা এবং অপরাধ গোপনের উদ্দেশ্যে সংঘটিত এক জঘন্য অপরাধ।

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির সাবেক ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা (১৪)-কে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে, ঘটনাটি ধামাচাপা দিতে নির্মমভাবে হত্যা করে তারই সাবেক কোচিং শিক্ষক আব্দুর রহিম রনি

নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ খোরশেদুল আলম সিকদার অভিযুক্ত রনিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেন।
এই রায় শুধু একজন অপরাধীর বিচার নয়; এটি সমাজে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয় কঠোর অবস্থানেরও প্রতিফলন।

ঘটনার নির্মমতা; শিক্ষক থেকে শিকারি :

২০২২ সালের ২২ সেপ্টেম্বর, অদিতা স্কুল ও প্রাইভেট শেষে বাসায় একা ছিল। সেই সুযোগে পূর্বপরিচিত ও পরিবারের বিশ্বাসভাজন রনি বাসায় প্রবেশ করে। তদন্ত ও আদালতের পর্যবেক্ষণে উঠে আসে :

১. প্রথমে ধর্ষণের চেষ্টা।

২. প্রতিরোধের মুখে ব্যর্থতা।

৩. পরে ছুরি দিয়ে গলা, হাত ও পায়ের রগ কেটে হত্যা।

৪. ঘটনাকে ডাকাতি বা অন্য খাতে প্রবাহিত করতে ঘর এলোমেলো করা।

এটি ছিল সুস্পষ্টভাবে পূর্বপরিকল্পিত অপরাধ, যেখানে একজন শিক্ষকের পরিচয় ব্যবহার করে নিরাপত্তার দেয়াল ভেঙে ফেলা হয়েছে।

তদন্তে যেসব প্রমাণ রনিকে দোষী সাব্যস্ত করে :

★ মামলাটি প্রমাণে গুরুত্বপূর্ণ ছিল :

১. ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

২. শরীরে ভুক্তভোগীর নখের আঁচড়

৩. রক্তমাখা পোশাক

৫. হত্যায় ব্যবহৃত ছোরা উদ্ধার

৫. ফরেনসিক আলামত

৬. ৪১ জন সাক্ষীর সাক্ষ্য

উপরোক্ত এই বিশেষ ৬টি উপাদান-ই আদালতের কাছে অপরাধকে সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত করে।

আইনি বিশ্লেষণ; কোন কোন ধারায় অপরাধ :

রনির এই নৃশংস অপরাধ যা বাংলাদেশের একাধিক গুরুতর আইনের আওতায় পড়ে। বিশেষভাবে :

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ :

১. ধর্ষণচেষ্টা

২. নারী শিশুর বিরুদ্ধে সহিংসতা

৩. হত্যাকাণ্ড

বাংলাদেশ দণ্ডবিধি :

১. ধারা ৩০২: হত্যা

২. ধারা ৩৭৬/৫১১: ধর্ষণের চেষ্টা

৩. ধারা ২০১: অপরাধের প্রমাণ নষ্টের চেষ্টা

আদালতের রায়ের তাৎপর্য :

এই রায়ের মাধ্যমে আদালত গুরুত্বপূর্ণ কয়েকটি বার্তা দিয়েছে। আর তা হলো :

১. বিশ্বাসভঙ্গের অপরাধ আরও গুরুতর :

যখন শিক্ষক, অভিভাবক বা বিশ্বাসভাজন কেউ অপরাধী হয়, তখন তা প্রথমেই সামাজিক নিরাপত্তার ভিত্তিকে-ই কঠোরভাবে আঘাত করে।

২. যৌন সহিংসতা ও নারী নির্যাতনে শূন্য সহনশীলতা :

ধর্ষণচেষ্টা ব্যর্থ হলেও এর দায় কমে না; বরং পরবর্তী হত্যাকাণ্ড এটিকে আরও জঘন্য করে তোলে।

৩. আলামত নষ্ট করে বিচার এড়ানো সম্ভব নয় :

বস্তুনিষ্ঠ তদন্ত, ফরেনসিক বিশ্লেষণ ও সাক্ষ্য-প্রমাণ বিচার নিশ্চিত করতে পারে।

সামাজিক প্রেক্ষাপট; পরিবার ও সমাজের জন্য সতর্কবার্তা :

অদিতার এই হত্যাকাণ্ড প্রমাণ করে দিয়েছে যে _

★ কিশোরীদের নিরাপত্তা শুধু বাইরের হুমকিতেই সীমাবদ্ধ নয়।

★ পরিচিত ও বিশ্বাসভাজন ব্যক্তিরাও ঝুঁকির প্রধান কারণ হতে পারে।

★ শুধু কোচিং অথবা ব্যক্তিগত শিক্ষা-ই নয়; সামাজিক সম্পর্কেও কঠোর নজরদারির প্রয়োজন।

অদিতা হত্যা মামলা বাংলাদেশের বিচারব্যবস্থায় একটি শক্ত বার্তা বহন করে। আর তা হচ্ছে—

" ধর্ষণচেষ্টা, নারী শিশুর ওপর সহিংসতা এবং পরিকল্পিত হত্যার মতো অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য "


এই রায় হারানো একটি তাজা প্রাণ ফিরিয়ে দিতে পারবে না ঠিকই; কিন্তু অন্তত এটি নিশ্চিত করেছে যে—

" আইনের চোখে বিশ্বাসঘাতকতা, যৌন সহিংসতা ও নির্মম হত্যার পরিণতি অতিব ভয়াবহ "


অদিতার জন্য নিঃসন্দেহে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে; আর এখন শুধু প্রয়োজন সমাজের প্রতিটি স্তরে এমন অপরাধ প্রতিরোধে আরও কঠোর সামাজিক, আইনি ও নৈতিক অবস্থান।​

No comments found


News Card Generator