ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা পৌরসভা কর আদায় বৃদ্ধি এবং নাগরিকদের কর পরিশোধে উৎসাহিত করতে দুই দিনব্যাপী ‘পৌরকর মেলা’র আয়োজন করেছে। আগামী ৯ ও ১০ জুন পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ডে এ মেলা অনুষ্ঠিত হবে।
মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
পৌরসভার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেলায় অংশ নিয়ে কর পরিশোধ করলে করদাতারা ১৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন। এ সুযোগকে কাজে লাগিয়ে বকেয়া ও চলতি কর পরিশোধের জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডের হোল্ডিং মালিকদের জন্য কর সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হবে কলেজ গেইটের বিপরীতে শাহজাহানের অফিসে। অন্যদিকে ২ নম্বর ওয়ার্ডের করদাতারা করদাতাগণের সুবিধার্থে পাইলট স্কুল মোড়ে রুস্তমের বাসার সামনে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে কর পরিশোধ করতে পারবেন।
ভালুকা পৌরসভার প্রশাসক ইকবাল হোসেন জানান, পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নিয়মিত কর আদায়ের বিকল্প নেই। তাই নাগরিকদের সুবিধার কথা বিবেচনা করে ওয়ার্ডভিত্তিক কর মেলার আয়োজন করা হয়েছে। এতে একদিকে করদাতারা সহজে কর পরিশোধ করতে পারবেন, অন্যদিকে পৌরসভার রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
পৌরকর মেলায় কর পরিশোধকারীদের জন্য ১৫ শতাংশ ছাড়ের বিশেষ সুযোগ রাখা হয়েছে। ফলে দীর্ঘদিনের বকেয়া কর পরিশোধেও আগ্রহ বাড়বে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ।
এদিকে বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ জুনের পর খেলাপি করদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ করে অতিরিক্ত ঝামেলা ও আইনি জটিলতা এড়াতে পৌরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।