মার্কেটপ্লেস পণ্যসমূহ (Marketplace)
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ১৯৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ মে) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ২৬ বছর পর একত্রিত হয়ে শৈশব ও বিদ্যালয় জীবনের স্মৃতিচারণায় মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৈয়দ হুমায়ুন বায়জিত ও অ্যাডভোকেট এমদাদুল হক (জজ কোর্ট, বগুড়া)।
এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী প্রদীপ কুমার প্রাংসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শৈশবের স্মৃতি ও বন্ধনকে অটুট রাখতে যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”প্রাক্তন ১৯৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মানিক বলেন, “এটি শুধু একটি পুনর্মিলনী নয়, আমাদের আবেগ ও ভালোবাসার একটি মিলনমঞ্চ। দীর্ঘ ২৬ বছর পর বন্ধুদের সঙ্গে একত্রিত হয়ে আমরা আবেগাপ্লুত হয়ে পড়েছি।”
বিশেষ অতিথির বক্তব্যে ১৯৯৫ শিক্ষাবর্ষের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট মোঃ গোলাম মোস্তফা (জিয়ন) বলেন, “বর্তমান সমাজে মানবিক মূল্যবোধ নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এমন সময়ে প্রাক্তন শিক্ষার্থীদের এই সুন্দর আয়োজন পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন শাহিনুর ইসলাম শাহিন, মন্টু কুমার মালাকার, অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইউপি সদস্য পলাশ খন্দকারসহ বিভিন্ন শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীরা।আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর এ ধরনের বৃহৎ পরিসরের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী আয়োজন নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এবং প্রবাসে সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন, যা বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী ব্যক্তি ও অংশগ্রহণকারীদের মাঝে ক্রেস্ট প্রদান এবং র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণিল আতশবাজির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আলতাফনগর ইবনে সৈয়দ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ১৯৯৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ।